দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

সাবেক প্রধানমন্ত্রী ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনাকে সাহস থাকলে দেশে ফিরে আসার আহ্বান জানিয়েছেন জাতীয় সংসদের হুইপ অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) জাতীয় প্রেস ক্লাবে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ‘স্বনির্ভর বাংলাদেশ গঠনে শহীদ জিয়ার অবদান’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান। বাংলাদেশ জাতীয়তাবাদী সাংস্কৃতিক দল এ সভার আয়োজন করে।
রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেন, ‘আওয়ামী লীগের সময় নাটোরে অসংখ্য নেতাকর্মীকে হত্যা করা হয়েছে, কিন্তু বিচার হয়নি। শেখ হাসিনাকে বলবো, আপনার সাহস থাকলে দেশে আসেন, দেশের মানুষ আপনার অপেক্ষায় আছে।’
বিএনপির সঙ্গে নিজের দীর্ঘ সম্পৃক্ততার কথা তুলে ধরে তিনি বলেন, ‘আজ থেকে ৪৮ বছর আগে যখন বিএনপির জন্ম হয়, তখন আমি স্কুলের ছাত্র। সেই সময় থেকে আমি বিএনপিকে ভালোবাসি এবং এই সংগঠনের সঙ্গে জড়িত ছিলাম। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তার রাজনৈতিক জীবনে যে আদর্শ রেখে গেছেন, সেটা দেশের মানুষ আজীবন মনে রাখবে।’
তিনি আরও বলেন, ‘প্রেসিডেন্ট জিয়াউর রহমান এই দলের জন্ম না দিলে আজকে এই অনুষ্ঠানে থাকতে পারতাম না, সংসদে হুইপও হতে পারতাম না। আমি একজন বিএনপির কর্মী, এটাই আমার গর্ব। আমি বিএনপির কর্মী হিসেবে থেকেই মরতে চাই।’
দুলু বলেন, ‘জিয়াউর রহমানকে হত্যা করে হত্যাকারীরা ভেবেছিল এ দেশের মানুষের মন থেকে বিএনপির ভালোবাসা মুছে ফেলবে। কিন্তু সেটা সম্ভব হয়নি। আওয়ামী লীগ খুন, গুম ও নির্যাতন করে এ দেশের মানুষের মন থেকে বিএনপিকে নিশ্চিহ্ন করতে পারেনি, বরং বিএনপি আরও শক্তিশালী হয়েছে।’
খালেদা জিয়া ও তারেক রহমানের প্রসঙ্গে তিনি বলেন, ‘দেশনেত্রী খালেদা জিয়াকে মিথ্যা মামলায় জেলে রেখে তিলে তিলে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হয়েছিল এবং প্রধানমন্ত্রী তারেক রহমানকে শুধু মিথ্যা মামলা দিয়েই দেশান্তর করা হয়নি, তাকে শারীরিক নির্যাতন করে তার হাড় পর্যন্ত ভেঙে দেওয়া হয়েছে।’
হুইপ বলেন, ‘বাংলাদেশে যখনই নিরপেক্ষ নির্বাচন হয়েছে, তখনই বিএনপি ক্ষমতায় এসেছে। দেশের মানুষ যে আশা নিয়ে বিএনপিকে ক্ষমতায় নিয়ে এসেছে, বিএনপি অবশ্যই তার প্রতিদান দেবে।’
বাংলাদেশ জাতীয়তাবাদী সাংস্কৃতিক দলের কেন্দ্রীয় সভাপতি হুমায়ুন কবির বেপারীর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য বাবুল আহমেদ, কাজী রফিক এবং বাংলাদেশ জাতীয়তাবাদী সাংস্কৃতিক দলের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান বাবুল প্রমুখ।
এমএম/